নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (০৫ মে) রাত ৮টার দিকে উপজেলার বালিয়াটি মহাশ্মশান ঘাটের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুব্রত সাহা পল্টু (৪০), পিতা- সেন্টু সাহা ও মো. রাসেল (৩৫), পিতা- মো. আ. রহমান।
উভয়ই সাটুরিয়া থানার বালিয়াটি এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে , সাটুরিয়া থানার এসআই মো. এছকান্দার আলী সরদারের নেতৃত্বে মঙ্গলবার রাতে একটি দল বিশেষ অভিযানে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে, বালিয়াটি মহাশ্মশান ঘাট এলাকায় মাদক কেনাবেচা করার সময় পুলিশ ঘটনাস্থলে থেকে পালানোর চেষ্টাকালে ওই দুই ব্যক্তিকে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করে সুব্রত সাহা পল্টুর কাছ থেকে ২ গ্রাম (২০ পুরিয়া) এবং মো. রাসেলের কাছ থেকে ১ গ্রাম (১০ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৩ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, এই ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ০৮(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২)। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।