সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না খাঁচা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজার এলাকা সংলগ্ন কালীগঙ্গা নদীর ঘাট এবং চারিগ্রাম ইউনিয়নের লাঙ্গুলিয়া খালে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেলউদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফরমান আলী। আইন-শৃঙ্খলা বজায় রাখতে অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশের এসআই মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল।
উপজেলা মৎস্য দপ্তর ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে চান্দহর ইউনিয়নের কালীগঙ্গা নদী থেকে আনুমানিক ২৫০ পিস ক্ষতিকর কারেন্ট জাল এবং চারিগ্রাম ইউনিয়নের লাঙ্গুলিয়া খাল থেকে ৩টি অবৈধ চায়না খাঁচা জাল জব্দ করা হয়। পরবর্তীতে লাঙ্গুলিয়া ব্রিজ সংলগ্ন স্থানে জনসম্মুখে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ক্ষতিকর ও অবৈধ জালের অবাধ ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ছে। দেশীয় মাছের প্রজনন সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।