সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া বড় ব্রিজের ঢালে ইঞ্জিনচালিত ভ্যান গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে রুপা (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত রুপা সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের চামুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী সৌদি আরব প্রবাসী এবং তার শ্বশুরবাড়ি শিবালয় উপজেলার উথুলী এলাকায়। রুপা তার বাবার বাড়িতে থেকে হান্দুলিয়া ক্যাডেট মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রুপা তার দেড় বছরের শিশু সন্তানের জন্য ওষুধ এবং বাবা-মায়ের জন্য কেনাকাটা করে ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে সাটুরিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি সাটুরিয়া বড় ব্রিজের ঢাল দিয়ে নামার সময় অসাবধানতাবশত তার গলার ওড়নাটি চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে পাঠালে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
নিহত রুপার দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। কেনাকাটা শেষে হাসিমুখে বাড়ি ফেরার পথে এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তার শিশু সন্তানের কান্নায় উপস্থিত লোকজনের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।