সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ২৩ মে (শনিবার) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ ও চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মোট ১৭ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে সর্বমোট ১ লাখ ৩৩ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বর্তমান সরকার সমাজের অবহেলিত, অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আর্থিক সহায়তা যেন বিপদে পড়া পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসে, সেই লক্ষ্যেই উপজেলা সমাজকল্যাণ পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতেও এ ধরনের মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চেক বিতরণকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।