নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু জ্বর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আওতায় একটি বর্ণাঢ্য র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
”নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে শনিবার সকাল ১০টার দিকে সচেতনতামূলক র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এই সময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মনিরুজ্জামান,সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি-ঘর, চারপাশ ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।