সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বাজারে একটি মোবাইল ফোন চুরির ঘটনায় বাজার কমিটির কাছে অভিযোগ করায় উল্টো ভুক্তভোগীকে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে ভুক্তভোগী শফিকুল ইসলামকে এই হুমকি দিচ্ছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ তারিখে হরগজ স্কুলের সামনে অবস্থিত ‘রাজমহল সুইটস’ দোকান থেকে একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, চুরির পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে স্পষ্টভাবে ধরা পড়েছে এবং এ সংক্রান্ত পর্যাপ্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর হরগজ এলাকার বাসিন্দা ছানোয়ার হোসেন ছানার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়।
ঘটনার পর পরই ভুক্তভোগী শফিকুল ইসলাম হরগজ বাজার কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও বাজার কমিটি এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান করতে পারেনি।ভুক্তভোগী শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,”সিসিটিভি ফুটেজে প্রমাণ থাকার পরও ছানোয়ার হোসেন ছানা চুরির বিষয়টি অস্বীকার করছেন। উল্টো রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছেন। আমি এই অন্যায়ের সঠিক বিচার চাই।”
এ বিষয়ে জানতে চাইলে হরগজ বাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্বাস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “যেহেতু বিষয়টি চুরির এবং এর সাথে আইনি ও সামাজিক শৃঙ্খলা জড়িত, তাই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করছি। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে প্রকাশ্য দিবালোকে চুরির পর উল্টো ভুক্তভোগীকে হুমকির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজার কমিটি, হরগজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।