সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
একটি চুরির ঘটনা কীভাবে একটি খেটে খাওয়া মানুষের সাজানো সংসারকে অন্ধকার গুহায় ঠেলে দিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ মানিকগঞ্জের আরজু মিয়া (৬০)। প্রায় মাসখানেক আগে সাটুরিয়া থেকে তার আয়ের একমাত্র উৎস তিন চাকার ইজিবাইকটি চুরি হয়ে যায়। সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের এই বৃদ্ধের কাঁধে পুরো পরিবারের দায়িত্ব। বাহনটি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে আক্ষরিক অর্থেই অথই সাগরে পড়েছিলেন তিনি। থানায় অভিযোগ করেও মেলেনি সমাধান।
তবে শেষ পর্যন্ত এই অন্ধকারের পর আরজু মিয়ার জীবনে এসেছে নতুন এক আলোর ঝলকানি। তার এই চরম দুর্দশার গল্পটি ছুঁয়ে গেছে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে। তাঁরই বিশেষ পুর্নবাসন উদ্যোগে এবং নির্দেশনায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আরজু মিয়ার মুখে আবার হাসি ফোটানো হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধিরা আরজু মিয়ার হাতে সম্পূর্ণ নতুন একটি তিন চাকার ইজিবাইক তুলে দেন।
এক মাস ধরে চলা তীব্র মানসিক ও আর্থিক অনটনের পর এই উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি আরজু মিয়া। তিনি বলেন, “গাড়িটা চুরি হওয়ার পর প্রতিটা দিন যে কীভাবে কেটেছে তা শুধু আল্লাহ জানেন। আয়ের কোনো পথ ছিল না। আজ নতুন ইজিবাইকটা পেয়ে বুক থেকে যেন একটা মস্ত বড় পাথর নেমে গেল। কাল সকাল থেকেই আবার কাজে নামতে পারব, পরিবারের মুখে দু’মুঠো ভাত তুলে দিতে পারব।”
ইজিবাইকটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েল এবং সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অসহায়ত্বের দিনে এভাবে পাশে দাঁড়িয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখানোর জন্য আরজু মিয়া ও তার পুরো পরিবার মন্ত্রী আফরোজা খানম রিতা এবং মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেছে।