মোঃ শাহ আলম,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যুব ও যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, আইসিটি কর্মকর্তা রনজিত মন্ডল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ সালমান খান, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম ও আবু জাফর প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বেকার যুবক ও যুবতীদের মাঝে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন বলেন,”বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই স্বাবলম্বী হওয়া সম্ভব। বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে যুবসমাজ নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। সমাপনী শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।