সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার চরপাড়া চক ও কুষ্টিয়ার চক এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পরবর্তীতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুরের উপজেলা পরিষদ চত্তরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত এই অভিযানে মোট ৭টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ৪৯০ মিটার। জব্দকৃত এই জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ হাজার ৫০০ টাকা। মৎস্য আইন অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয় এবং জব্দ শেষে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান। এছাড়াও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সাটুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।