মানিকগঞ্জ প্রতিনিধি,
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে মানিকগঞ্জ শহরের (টাউন শাখা) ঐতিহ্যবাহী রাজ হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা-অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম উপস্থিত ছিলেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সকালে রাজ হোটেলের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করা হয়। এ সময় অত্যন্ত অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি ও ফ্রিজে অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণের বিভিন্ন অনিয়মের হাতেনাতে প্রমাণ মেলায় রাজ হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। খাদ্যের মান ও পরিবেশের বিষয়ে কোনো আপস করা হবে না।” একই সঙ্গে তিনি জেলার সকল খাদ্য ব্যবসায়ীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির আহ্বান জানান।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন আনসার সদস্যরা।