মোঃ শাহ্ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ):
পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে দৌলতপুর উপজেলার ৬ নম্বর চকমিরপুর ইউনিয়ন পরিষদ। একই সঙ্গে অনন্য
সাধারণ জনসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ভূষিত হয়েছেন চকমিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেনের হাতে এই গৌরবময় সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে দৌলতপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের মধ্যে শীর্ষস্থান অর্জন করার পাশাপাশি মানিকগঞ্জ জেলার মোট ৬৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে চকমিরপুর ইউনিয়ন। পরিবার পরিকল্পনা নিশ্চিতকরণ, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে কার্যকর উদ্যোগ গ্রহণ, সেবার মানোন্নয়ন এবং অনন্য জনসম্পৃক্ত ভূমিকার কারণেই এই যৌথ গৌরব অর্জন সম্ভব হয়েছে।
এক প্রতিক্রিয়ায় প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন,”এই অসাধারণ অর্জন চকমিরপুর ইউনিয়নের সর্বস্তরের আপামর জনসাধারণের। জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও ভালোবাসার কারণেই আজ আমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। আগামী দিনে সকলের সহযোগিতায় এই ইউনিয়নকে আরও উন্নত, আধুনিক, আদর্শ ও সেবাবান্ধব হিসেবে গড়ে তুলতে আমাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে।”এই দ্বৈত সাফল্যে চকমিরপুর ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।