মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে এক ঘণ্টায় চার ককটেল বিস্ফোরণে দুইজন রিক্সা চালক আহত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত দশটা থেকে এগারোটার মধ্যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ও সাটুরিয়ার গোলড়া বাস স্ট্যান্ড নামক এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। চরম আতংকের সৃষ্টি হয়ে মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে পড়ে বাস স্ট্যান্ড এলাকা।
আহতরা হলেন দুই রিকশা চালক সাগর ও নবীর হোসেন। সাগরের বাড়ি মানিকগঞ্জের পৌরসভার বান্দুটিয়া এলাকা আর নবীর হোসেনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা এদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে বাসস্ট্যান্ডের অদম্য ৭১ ভাস্কর্যের সামনে একসঙ্গে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়। এর ২০ মিনিট পর ইউনাইটেড হাসপাতালের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণের মধ্যে সাটুরিয়ার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটে চতুর্থ বিস্ফোরণ।

গোলড়া বাসস্ট্যান্ডের এক ফার্মেসি ব্যবসায়ী বলেন, তার দোকানের সামনে একটি কালো মাইক্রোবাস থেমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।
অন্যদিকে ইউনাইটেড হাসপাতালের সামনে এক রিকশাচালক দাবি করেন, হাসপাতালের ছাদ থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। আবার অদম্য ৭১ ভাস্কর্যের সামনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল থেকে প্রথম দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশের ধারণা, ফুটওভার ব্রিজের ওপর থেকে প্রথম দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।
ঘটনার পর সন্দেহভাজন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন বলেন, “ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দারা মাঠে কাজ করছে। বাসস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।”