নিজস্ব প্রতিবেদক
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে র্যালি, আলোচনা সভা ও মহড়ার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ইউসুফ হোসেন , উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাকসুদ হোসেন,সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাটুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস এর ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি প্রকৌশলী মোঃ লুৎফর রহমানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে। স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাসেবক এবং তরুণদের এই প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত হতে হবে।
আলোচনা সভা শেষে সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল দুর্যোগকালীন উদ্ধার অভিযান ও অগ্নিনির্বাপণ বিষয়ে এক বিশেষ মহড়া প্রদর্শন করে। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি অবস্থায় কীভাবে জানমাল রক্ষা করা যায়, তার বাস্তব কৌশল তুলে ধরা হয়।