নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে কাজীদের সঙ্গে জেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে বিয়ে নিবন্ধনের আগে বর–কনের বয়স যাচাইয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা। সভায় জেলার বিভিন্ন উপজেলার কাজীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি আইনগত অপরাধ নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। তাই বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর–কনের বয়স যথাযথভাবে যাচাই করা এবং আইন মেনে বিয়ে সম্পাদন নিশ্চিত করতে কাজীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি কাজীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে নিবন্ধনের সময় যদি বর–কনের বয়স যাচাইয়ে সামান্য অবহেলা করা হয়, তাহলে তা সমাজে বাল্যবিবাহের সুযোগ সৃষ্টি করে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এই সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম এবং সদর থানা কাজী সমিতির সভাপতি নূর মোহাম্মদ জাহাঙ্গীরসহ সংশ্লিষ্টরা।মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও কাজীদের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।