নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সদর উপজেলার পৃথক দুটি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারের ‘আলী এন্টারপ্রাইজ’ নামক দোকানে কোনো মূল্য তালিকা টাঙানো না থাকায় এবং গ্রাহকদের কাছ থেকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য রাখার অপরাধে দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক খেয়া ঘাট বাজারে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানে খুচরা ও পাইকারি তেল ব্যবসায়ী সুকুমারের দোকানে অবৈধভাবে ডিজেল আনায়ন ও উচ্চমূল্যে জ্বালানি বিক্রির সত্যতা পেয়ে আইন লঙ্ঘনের দায়ে উক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান শেষে তিনি জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের তদারকি অব্যাহত থাকবে। অবৈধভাবে তেল মজুদ বা কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।