সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের জন্য বিভিন্ন ধর্মীয় ও এতিমখানা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলা মডেল মসজিদ চত্বরে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই লবণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল বাসার সরকার, ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপারভাইজার মো. মাইনুদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লবণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “কোরবানির পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। এই চামড়া যেন অবহেলায় নষ্ট না হয়, সে জন্য সঠিক সময়ে সঠিক নিয়মে সরকারের দেওয়া এই লবণ শুধুমাত্র চামড়া সংরক্ষণের কাজেই ব্যবহার করতে হবে। যদি কেউ এই লবণ অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেন বা কালোবাজারে বিক্রির চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ ২৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে মোট ১০ মেট্রিক টন লবণ সফলভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।