মোঃ শাহ আলম, মানিকগঞ্জ প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে যথাযথ মর্যাদায় ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সফল উদ্যোক্তা ও সফল আত্মকর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ, যুব ঋণের চেক বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
১ নভেম্বর রবিবার উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সম্মানিত সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসলাম আল হাজীব।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস,কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু, থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সফল আত্মকর্মী ও যুব সংগঠক মোঃ শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মীয় গ্রন্থের পাঠের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। আলোচনা সভায় বক্তারা দেশের যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বেকারত্ব দূরীকরণ এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর তাঁর বক্তব্যে যুবসমাজকে দেশের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান যুবসমাজকে মাদকমুক্ত রেখে আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বর্তমান সরকার যুবকদের স্বাবলম্বী করতে যুব ঋণের মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি যুবসমাজকে এ সুযোগ কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া তিনি ভবিষ্যতে দৌলতপুর উপজেলার যুব উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। দৌলতপুর উপজেলার যুবকদের উন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে।
যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণ ও যুব উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের অংশ হিসেবে উপস্থিত অতিথিবৃন্দ উপকারভোগী ও যুবকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।