সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পর তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) তাদের উদ্ধার করতে সক্ষম হয় সাটুরিয়া থানা পুলিশ।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী সাটুরিয়া উপজেলার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় থেকে পড়াশোনা করত। গত ৩ জুলাই দুপুরে নিজেদের পরিচয় গোপন করে এবং সাময়িক সময়ের জন্য বাইরে যাওয়ার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে তারা আর মাদ্রাসায় কিংবা নিজেদের বাড়িতে ফিরে আসেনি।
পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর করেও তাদের কোনো সন্ধান না মেলায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকেই নিখোঁজ শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তিসহ সব ধরনের উপায়ে অনুসন্ধান শুরু করে পুলিশ। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের উদ্ধার করা হয়।
এর আগে নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, সন্তানরা নিখোঁজ হওয়ার পর থেকে তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন-রাত কাটাচ্ছিলেন। প্রশাসন দ্রুত তাদের উদ্ধার করায় পরিবারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে।