নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় সেলফি পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সুজাত (৩৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সুজাতকে মোড় নেওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এরপর মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত সুজাত শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের সদর উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহনের কাউন্টার বন্ধ করে দেন। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, বাসের ধাক্কায় গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।