সোহরাব হোসেন,সিংগাইর(মানিকগঞ্জ):
জাতীয় প্রাণি সপ্তাহ–২০২৫ উপলক্ষে “দেশীয় জাত, উন্নত প্রযুক্তি : প্রাণি সম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর সহায়তায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির পশুপালনকারী মোট ২৬টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে খামারে উৎপাদিত গরু, ছাগল, মহিষ, কবুতর, হাঁস-মুরগি, দুধ ও ডিম প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ এবং সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানিয়া আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,
“বাড়িতে হাঁস-মুরগি ও গাভী পালন করে পরিবারের পুষ্টির ঘাটতি পূরণ করা সম্ভব। পাশাপাশি এখাত বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। দেশি দুধ–ডিম উৎপাদনে খরচ বেশি হলেও উপজেলা প্রাণিসম্পদ অফিস খামারিদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
তিনি দেশীয় পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সফল খামারি শিল্পী আক্তারও বক্তব্য দেন। শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
বক্তারা জানান, দেশে দুধ ও ডিম উৎপাদন ক্রমাগত বাড়ছে—২০১০ সালের তুলনায় বর্তমানে উৎপাদন চার গুণ বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় চাহিদা পূরণে সহায়তা করছে। করোনা পরবর্তী সময়ে সরকার খামারিদের জন্য অতিরিক্ত প্রণোদনাও দিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি)জেওএম তৌফিক আজম, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।