মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থান থেকে রাতের আঁধারে পাঁচটি কঙ্কাল চুরির হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) গভীর রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, কয়েক রাত ধরেই ওই কবরস্থানে কবরের মাটি খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা দ্রুত তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও বিচার চাই।
ধানকোড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার হেফজের ছাত্র অনাচ (১৮) বলেন, দুপুরে ঘটনাটি লোকমারফত জানতে পারি। পরে কবরস্থানে ঢুকে দেখতে পাই ৫টি কবর খোঁড়া। ভিতরে কিছুই নেই।
নয়াপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মাছুদ রানা (১৬) বলেন, দুপুরের দিকে জানতে পারি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পরে কবরস্থানের ভিতরে গিয়ে সত্যতা পাই।
এ বিষয়ে ওই কবরস্থানের সভাপতি মোঃ বুকল মিয়া বলেন,ঘটনাটি জানতে পেরে মঙ্গলবার সকালে ওসি মহোদয়কে জানাই।পরে ঘটনাস্থলে পুলিশ এসে সরজমিন পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি এ আর এম আল মামুন জানান, ওই কবরস্থানের একাধিক কবরের মাটি খোঁড়া থাকায় এলাকাবাসী দেখতে পেয়ে থানায় জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।