মানিকগঞ্জ প্রতিনিধি,
খেজুরের রস খাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে মানিকগঞ্জের সিংগাইরে এসেছিল তারা। কিন্তু সেই রস খেয়ে তাদের আর বাড়ি ফেরা হয়নি। পথেই ঝরে পড়েছে দুটি তরতাজা প্রাণ। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্কুল ও কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী।বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সকালে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার গেড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের সন্দ্বীপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫) এবং একই এলাকার মো. জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯)।
ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। আর মিরাজ সাভারের সিএফএম কলেজ থেকে সদ্য মাধ্যমিক পাস করেছেন।
নিহতদের স্বজন ও বন্ধুরা জানান, শুক্রবার ভোরে ঢাকার সাভারের পাথালিয়া ইউনিয়নের সন্দীপ এলাকা থেকে মোটরসাইকেল করে ১২-১৩ জনের একটি দল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস খেতে আসেন। রস পান শেষে ফেরার পথে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গেড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানারওসি মাজহারুল ইসলাম বলেন, ‘সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গেড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।