সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় প্রাণি সপ্তাহ–২০২৫ উপলক্ষে “দেশীয় জাত, উন্নত প্রযুক্তি : প্রাণি সম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর সহায়তায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা।
প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির পশুপালনকারী মোট ৩০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে খামারে উৎপাদিত গরু, ছাগল, মহিষ, কবুতর, হাঁস-মুরগি, দুধ ও ডিম প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. খোকন হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইউসুফ হোসেন।
বর্ণাঢ্য র্যালী শেষে বক্তারা আলোচনা সভায় বলেন, দেশে দুধ ও ডিম উৎপাদন ক্রমাগত বাড়ছে—২০১০ সালের তুলনায় বর্তমানে উৎপাদন চার গুণ বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় চাহিদা পূরণে সহায়তা করছে। করোনা পরবর্তী সময়ে সরকার খামারিদের জন্য অতিরিক্ত প্রণোদনাও দিয়েছে।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ।