মানিকগঞ্জ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিপ্লবী মঞ্চ।
প্রতিবাদ সমাবেশ শেষে নিহত শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা আদায় করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষোভকারীরা ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘খুনিদের বিচার চাই’, ‘হত্যার বিচার নিশ্চিত কর’, ‘হাদি ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পরে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিপ্লবী মঞ্চের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান বিন হাদি ছিলেন গণমানুষের কণ্ঠস্বর। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতিই এমন হত্যাকাণ্ডের জন্ম দেয়। দ্রুত বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তাই প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করতে হবে।
এ সময় মানিকগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।