সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে একটি বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
আজ রোববার সন্ধ্যায় উপজেলার হরগজ ইউনিয়নে অবস্থিত পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে এলাকায় চরম লোডশেডিং চলছে। তীব্র গরমে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় অতিষ্ঠ হয়ে ওঠেন হরগজ ইউনিয়নের সাধারণ গ্রাহকরা। রোববার সন্ধ্যায় ক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে হরগজ সাব-স্টেশন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এতে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি ক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে শান্ত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা সাব-স্টেশনে অবস্থান নিয়েছিলেন। খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে শান্ত করি। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাব-স্টেশন এলাকায় পুলিশি নজরদারি রাখা হয়েছে।”
অন্যদিকে, ঘটনার সত্যতা স্বীকার করে সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান বলেন, “আমাদের পিক টাইমে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৪ মেগাওয়াট। কিন্তু আমরা জাতীয় গ্রিড থেকে গড়ে পাচ্ছি মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট, যা মোট চাহিদার তুলনায় অত্যন্ত কম। চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় আমাদের বাধ্য হয়ে নিরবচ্ছিন্ন লোডশেডিং দিতে হচ্ছে।”