মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে মানিকগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) মানিকগঞ্জ কেন্দ্রে এই সভার আয়োজন করে বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিওটিএ)।
সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের অধ্যক্ষ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, সিআরপির সিনিয়র অকুপেশনাল থেরাপিস্ট শামসুর রহমান এবং অকুপেশনাল থেরাপিষ্ট নীপা মোনালিসা।
প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “স্বাস্থ্যসেবায় অকুপেশনাল থেরাপি অপরিহার্য। এটি এমন একটি বিশেষায়িত স্বাস্থ্যসেবা, যার মাধ্যমে শারীরিক, মানসিক কিংবা বিকাশগত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজকর্মে সক্ষমতা বাড়াতে সহায়তা করা হয়। এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি, দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতায় ভোগা মানুষকে পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।”
তিনি আরও বলেন, “একজন মানুষের ব্যক্তিগত যত্ন, শিক্ষা, কর্মজীবন ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সক্ষমতা বাড়াতে অকুপেশনাল থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে এ চিকিৎসাসেবার প্রসার অত্যন্ত প্রয়োজন।”
আলোচনা সভায় অন্যান্য বক্তারা অকুপেশনাল থেরাপির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোরালো গুরুত্বারোপ করেন