নিজস্ব প্রতিবেদক,রূপকথা টিভি
অদ্য দুপুর ১২:৪৩ ঘটিকায় অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। আকস্মিক এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে রাজধানী ও এর আশপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
পাওয়ার গ্রিড বাংলাদেশ সূত্রে জানা গেছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি এলাকা এবং চট্টগ্রামের একাংশে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিঘ্নিত হওয়ার কোনো সুনির্দিষ্ট কারিগরি কারণ জানা যায়নি। প্রকৃত কারণ উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রকৌশলীগণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সিস্টেম রিস্টোর করা। সেই অনুযায়ী পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রকৌশলীগণ ধাপে ধাপে পুনঃসংযোগ স্থাপনের কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম বর্তমানে এনএলডিসির (NLDC) পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ সচল ও স্বাভাবিক রয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিচ্যুতি এবং সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে সাধারণ জনগণের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।