মোঃ শাহ আলম,মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধ ড্রেজার বা পাইপলাইনের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযান । তবে অভিযানকালে উপজেলার আবুডাঙ্গা ও শ্যামপুর এলাকায় অবৈধভাবে স্থাপিত ৫টি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় কিছু অবৈধ ড্রেজার ব্যবসায়ী নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে বা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাইপলাইন স্থাপন করে বালু উত্তোলনের অপচেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আবুডাঙ্গা ও শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ব্যবহৃত ৫টি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে দেখা যায়, বেশিরভাগ পাইপলাইনই শুকনা অবস্থায় ছিল। তবে শ্যামপুর এলাকার পাইপলাইনটি রাতে সচল রাখা হতো বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। অভিযান পরিচালনার সময় আকস্মিক প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় জনস্বার্থে ও নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে অভিযান স্থগিত করে আংশিক কাজ শেষেই ফিরে আসতে হয় অভিযান পরিচালনকারী দলকে।
সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানান, বৈরী আবহাওয়ার কারণে আজকের অভিযান অসম্পূর্ণ রেখেই শেষ করতে হয়েছে। তবে ৫টি পাইপলাইনের সংযোগ কেটে তা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকেও জরিমানা করা বা পাইপ বিনষ্ট করা সম্ভব হয়নি। দ্রুতই সুবিধাজনক সময়ে পুনরায় এ এলাকায় জোরদার অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ ড্রেজার চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।