সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
“তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সাটুরিয়া উপজেলা প্রশাসন এবং সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মাদ অনিক ইসলাম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এলিসা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. আশিফা আশরাফি।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মোহাম্মাদ অনিক ইসলাম বলেন, “একটি সুস্থ, সবল ও পরিকল্পিত জাতি গঠনে পরিবার পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। মাঠ পর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।” তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাঠ পর্যায়ের শ্রেষ্ঠ কর্মীদের হাতে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।