নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি।
মানিকগঞ্জের দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর ফাইনালে খলসী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চকমিরপুর ইউনিয়ন।
২৮শে সেপ্টেম্বর (সোমবার) দৌলতপুর থানা পুলিশের আয়োজনে স্থানীয় সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। দুপুর থেকেই দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল মুখরিত, যার চূড়ান্ত পর্বে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, থানা ওসি (তদন্ত) আবু তালেব, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম সেন্টু।
এছাড়াও বিশিষ্ট সমাজসেবক বাবুল হোসেন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ পলাশ মিয়া মামুন ও সাধারণ সম্পাদক মোঃ সালমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদী সাধারণ দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।