নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। এ সময় বিতর্কিত ব্যানারটি জব্দ করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
তবে র্যালি ও আলোচনা সভায় ব্যবহৃত মূল ব্যানারে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখাটি শোভা পাচ্ছিল। কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত একটি শিক্ষামূলক কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রীর নাম ও রাজনৈতিক স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের বিষয়টিতে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের নজরে এলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি সাটুরিয়া থানা-পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে সাটুরিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিতর্কিত ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়। আটক আবুল হাশেম ভূঁইয়া দৌলতপুর উপজেলার কুনিয়া গ্রামের মৃত ফুলতান ভূঁইয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দৌলতপুর থানাধীন কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রতিষ্ঠানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান নিয়ে কারও দ্বিমত ছিল না। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সামনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম বা স্লোগানসংবলিত ব্যানার ব্যবহার করা অনুচিত।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে আটক প্রধান শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি “