নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করার অপরাধে ‘নিউ মঙ্গল বেকারি’কে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ) দুপুর ১টায় সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত মানদণ্ড লঙ্ঘন ও ওজনে কারচুপির অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আইন অমান্য করার দায়ে নিউ মঙ্গল বেকারির মালিক মোজাম্মেলকে (৫০) ৩৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।