নিজস্ব প্রতিবেদক।
ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফি, নীলাচলসহ বিভিন্ন বাসে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, অসৌজন্যমূলক আচরণ ও অনাকাঙ্ক্ষিত কার্যকলাপের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন সরকারি দেবেন্দ্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি দেবেন্দ্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী বিভিন্ন বাসে শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য দেন মোঃ ফাহাদ, মোঃ রাকিব হোসেন, মোঃ মহিদুর রহমান ও মোঃ মোশারফ হোসাইন। বক্তারা শিক্ষার্থীদের সঙ্গে বাসে হয়রানি ও অসৌজন্যমূলক আচরণ বন্ধ, ন্যায্য ভাড়া নিশ্চিত এবং নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।