নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়ায় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত খামারিদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পশুখাদ্য (ফিড) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সাড়ে এগারোটার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগী খামারিদের হাতে এই পশুখাদ্য তুলে দেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতাভুক্ত মোট ১৬২ জন ছাগল ও ভেড়া পালনকারী খামারির প্রত্যেককে এক বস্তা করে গ্লোবাল ফিড প্রদান করা হয়। বিতরণকৃত প্রতি বস্তায় পশুখাদ্যের পরিমাণ ছিল ২৫ কেজি।উল্লেখ্য এই প্রকল্পের আওতায় উপজেলায় চরাঞ্চলের মানুষের জীবিকা উন্নয়নের জন্য একই খামারিদেরকে পূর্বে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ করা হয়েছে।

খাদ্য বিতরণকালে ডা. তানজিলা ফেরদৌসী বলেন, “চরাঞ্চলের খামারিদের স্বাবলম্বী করে তোলা এবং পশুপালনে আধুনিক পদ্ধতির প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নত মানের এই গ্লোবাল ফিড ছাগল ও ভেড়ার শারীরিক বৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেন, প্রকল্পের সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি এই বিশেষ সহায়তা পেয়ে স্থানীয় ক্ষুদ্র খামারিরা খুশি এবং পশুপালনে আরও আগ্রহী হয়ে ওঠার কথা ব্যক্ত করেছেন।