নিজস্ব প্রতিবেদক,রূপকথা টিভি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় যুবসমাজকে রক্ষা করতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের অননুমোদিত আড্ডা ‘প্রেম সড়ক’-এর দুটি অবৈধ টং দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বালিয়াটি ইউনিয়নের প্রেম সড়কে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের নিয়মিত উপস্থিতি ও আড্ডার কারণে স্থানীয়ভাবে ওই রাস্তাটি ‘প্রেম সড়ক’ হিসেবে পরিচিতি লাভ করে। এই সড়কের পাশে গড়ে ওঠা দুটি টং দোকান পরিচালনা করত ১৮ বছরের কম বয়সী কয়েকজন কিশোর। গত কিছুদিন ধরে স্থানটি উঠতি বয়সী তরুণদের প্রধান আড্ডাস্থলে পরিণত হয়েছিল। । যুবসমাজ ও শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় এবং মাদকের ছোবল থেকে রক্ষা করতেই তাৎক্ষণিকভাবে দুটি টং দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানের পর স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, উঠতি বয়সী যুবসমাজ ও শিক্ষার্থীদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।