নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
মানিকগঞ্জের সাটুরিয়ায় এক বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর কাউন্নারা এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদ থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আনোয়ার হোসেন (৪৫), মোঃ আঃ হালিম (৩৮), মোঃ ইসমাইল হোসেন (৪০), মোঃ বাচ্চু মিয়া (৪৯), মোঃ জুয়েল হোসেন (৩৬), মোঃ শাহীন মিয়া (৪২) এবং পলাশ মিয়া (৪৯)। তারা সবাই সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সাটুরিয়া থানার এসআই (নিঃ) এসএম সুলতান মাহমুদের নেতৃত্বে একটি দল এলাকায় বিশেষ অভিযান ও কিলো-৩ ডিউটিতে নিয়োজিত ছিল। বিকেল ৪টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, উত্তর কাউন্নারা এলাকার মোঃ হালিম চৌধুরীর পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদে টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে।
সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস, ১টি প্লাস্টিকের চট এবং নগদ ৩,৩৫০ টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা (মামলা নং-১৯, তারিখ: ২৩/১০/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।