নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে জ্বালানি তেলে পরিমাপে কম দেওয়ার অভিযোগে গুডলাক ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মেসার্স গুডলাক সিএনজি কর্পোরেশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় প্রতি ৫ লিটার পেট্রোলে ২১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনের মালিক সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘ভোক্তাদের সাথে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জ্বালানি তেলে সঠিক পরিমাপ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’
যেসব প্রতিষ্ঠান ভোক্তাদের সাথে অসাধু উপায়ে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।