নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ‘জুনিয়র গ্রুপে’ প্রথম স্থান অর্জন করেছে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়।
হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় ‘মৃতখাল খনন করি, জ্বালানি সংকট দূর করি’ শীর্ষক একটি অত্যন্ত সময়োপযোগী ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। তাদের এই প্রকল্পটি বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে বিচারকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জানা যায়, ১৫ ও ১৬ এপ্রিল ২০২৬ তারিখে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল— “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”।

বিদ্যালয়টির এই অভাবনীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা আনন্দিত। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের ফসল এই অর্জন। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই সময় আরোও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রকল্পটির মাধ্যমে শিক্ষার্থীরা দেখিয়েছে কীভাবে মৃত বা ভরাট হয়ে যাওয়া খালগুলো সংস্কার করে সেখান থেকে প্রাপ্ত উপকরণ ব্যবহার করে জ্বালানি সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা সম্ভব।