নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন বিক্রি করতে যেয়ে পুলিশের জালে হেরোইনসহ বিপ্লব দাস (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি জমিদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বিপ্লব দাস বালিয়াটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত মঙ্গল দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাটুরিয়া থানার এসআই দীপন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিল। রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বালিয়াটি জমিদার বাড়ি সংলগ্ন ‘নিউ কারুকাঞ্চন সুইটস’ দোকানের সামনে রাস্তার ওপর এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে বিপ্লব দাসকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোঁচর থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ-২২/০৪/২০২৬)। মাদকের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।