নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়ায় চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ৩৫ জন সুফলভোগী খামারির মাঝে ১০৫টি ভেড়া বিতরণ করা হয়েছে। ‘ঢাকা বিভাগীয় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এসব ভেড়া বিতরণ করা হয়।
বিনামূল্যে সরকারি সহায়তা হিসেবে উন্নত জাতের ভেড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা।
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ফরিদা ইয়াছমিন। তিনি সুফলভোগীদের হাতে ভেড়াগুলো তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াছমিন বলেন:
”চরের মানুষের ভাগ্যবদল ও পুষ্টির চাহিদা মেটাতেই সরকার এই বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। ঢাকা বিভাগের ৭টি জেলার ৩১টি উপজেলার ১২০টি ইউনিয়নে এই কার্যক্রম চলছে। এর মাধ্যমে প্রান্তিক মানুষেরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।”
তিনি আরও বলেন, মানিকগঞ্জসহ ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর—এই ৭টি জেলার নদীবিধৌত চরাঞ্চলে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কেবল সাটুরিয়া উপজেলাতেই প্রায় ৪ হাজার খামারি এই প্রকল্পের বিভিন্ন সুবিধার আওতায় রয়েছেন।
বিনামূল্যে তিনটি করে ভেড়া পেয়ে আনন্দিত খামারি হাসিনা ও রাজিয়া। তারা জানান, অভাবের সংসারে এই ভেড়াগুলো লালন-পালন করে বড় করার পর বিক্রি করে তারা স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন। সরকারি এই উদ্যোগ তাদের মুখে হাসি ফুটিয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেন,প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন্নাহার,দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি প্রকৌশলী লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ