সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন উর রশিদ-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার এ কে এম মুফাখখারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, “ডা.মামুন উর রশিদ সাটুরিয়ায় কর্মরত থাকাকালীন অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি সাটুরিয়াবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।”
বিদায়ী অতিথির বক্তব্যে ডা. মামুন উর রশিদ তাঁর কর্মকালীন সময়ের স্মৃতি চারণ করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সহকর্মী, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীসহ উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন উর রশিদকে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।