নিজস্ব প্রতিবেদক।
অশ্রুসিক্ত নয়ন আর সুগভীর ভালোবাসায় গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কউসিক আহমেদকে এক রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন তাঁর সহকর্মীরা।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে তাঁর দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের শেষ কর্মদিবসে থানা প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশের প্রচলিত ঐতিহ্য অনুযায়ী, বিদায়ী ওসির শেষ কর্মদিবসকে স্মরণীয় করে রাখতে সরকারি গাড়িটিকে বর্ণিল ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়। বিদায়লগ্নে দেওয়ান কউসিক আহমেদকে সেই সুসজ্জিত গাড়িতে বসিয়ে থানার সকল কর্মকর্তা ও সহকর্মীরা মিলে দড়ি দিয়ে গাড়িটি টেনে হাইওয়ে থানার মূল ফটক পার করে দেন। এ সময় উপস্থিত সহকর্মী ও স্থানীয়দের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এই সময় গোলড়া হাইওয়ে থানায় সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মাতব্বর বিদায়ী ওসির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন,
”দেওয়ান কউসিক আহমেদ একজন অত্যন্ত দক্ষ, মানবিক ও পেশাদার কর্মকর্তা ছিলেন। কর্মক্ষেত্রে তাঁর সততা এবং সহকর্মীদের প্রতি তাঁর স্নেহসুলভ আচরণ আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
বিদায়লগ্নে দেওয়ান কউসিক আহমেদ তাঁর প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “চাকরিজীবন শেষ হলেও সহকর্মীদের এই ভালোবাসা আমি কোনোদিন ভুলব না। তারা আমাকে যে রাজকীয় সম্মান দিয়েছে, তা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। আমি নতুন ওসিসহ সকল সহকর্মীর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
সংবর্ধনা অনুষ্ঠানে গোলড়া হাইওয়ে থানার সকল স্তরের পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বিদায় বেলায় সহকর্মীরা তাঁকে বিভিন্ন উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।