নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই উদ্ভাবনী প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সাটুরিয়ার যৌথ আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের সেসিপ (SESIP)-এর অন্তর্গত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’-এর সহযোগিতায় এই মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের
মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম, এমপি।
সাটুরিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির মো.জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের তৈরি করা বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রজেক্ট, নতুন স্টার্টআপ পরিকল্পনা এবং বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তাদের মেধার প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রজেক্ট ও আইডিয়া উপস্থাপনকারী বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে তরুণ শিক্ষার্থীদের এ ধরনের উদ্ভাবনী কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।