মানিকগঞ্জ প্রতিনিধি।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় ট্রাক ও মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন পিকআপচালক মো. রাসেল মিয়া (২৭), পিতা- মো. আলম এবং হেলপার মো. আরাফাত (২০), পিতা- মো. কাওছার। তাদের বাড়ি সাভার উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি ট্রাকের সঙ্গে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাসেল ও আরাফাতের মৃত্যু হয়। এ সময় পিকআপে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মাতব্বর জানান, মানিকগঞ্জ কন্ট্রোল রুম থেকে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, মুরগিবাহী পিকআপটি চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুইজন আহত হন।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।