সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আগামী ২৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ২৭ জুন (শনিবার) সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই সভা সম্পন্ন হয়।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সভায় অংশ নেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মোট ২১৭টি কেন্দ্রে বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, “শিশুর অন্ধত্ব রোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার ২১৭টি কেন্দ্রে আমাদের দক্ষ টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন, যেন প্রত্যন্ত অঞ্চলের একটি শিশুও এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে।” তিনি কর্মসূচির সার্বিক সফলতা কামনায় এলাকার সকল সচেতন অভিভাবককে যথাসময়ে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানান।