সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, টেকসই ভবিষ্যৎ বানাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর দুইটার দিকে বিদ্যালয় খেলার মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ‘লার্নিং এক্সিলারেসণ ইন সেকেন্ডারি এডুকেশন’ (LAISE) প্রজেক্টের বাস্তবায়নে এই সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।

র্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এবং “লেইস প্রকল্পের অঙ্গীকার, সবুজ হবে বিদ্যালয় আমাদের সবার” সম্বলিত বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড দেখা যায়।
র্যালি শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন।
বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীদের যার যার অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। লেইস (LAISE) প্রকল্পের এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশকে আরও সবুজ ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ জুন-২০২৬ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে (শেরেবাংলা নগর, ঢাকা) লেইস প্রকল্পের আওতায় সারাদেশের প্রায় ২৯০০০ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন । উক্ত অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত ৫০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল/মাদ্রাসা) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলো। এর মধ্যে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় অন্তর্ভুক্ত ছিলো ।