সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে চারা ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, কবরস্থান এবং ব্যক্তিগত পর্যায়ে সর্বমোট ২,৪৫০টি বিভিন্ন জাতের উন্নত চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ তানিয়া তাবাসসুম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মী এবং সুবিধাভোগী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিবৃন্দ উপস্থিত সুবিধাভোগীদের হাতে বিনামূল্যে এসব গাছের চারা ও সার তুলে দেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই ধারা অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।