মোঃ শাহ আলম।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের বাচামারা বাজারের বিবিসি ডিগ্রী কলেজ মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
গত ১২ জুলাই (রবিবার) দিবাগত রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে অন্তত ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই ওই মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৭টি দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়।
এই আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে একবারে নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবারের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন চরম মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন- মামুন (৪০) এনজিও অফিস, বাবলু (৩৫) পার্স এর দেকান, মাজেদ (৪৫) হোটেল ব্যাবসায়ী, লাল চান (৫০) ঝালমুড়ির ব্যাবসা, সানোয়ার (৪৫) চটপটির ব্যাবসা, সানদু (৩০) মেকার ও মাসুদ (৪০) কম্পিউটার দোকান।
এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, বাঁচামারা ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগণ এবং স্থানীয় সকল রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট মহল ও সমাজের বিত্তবানদের আন্তরিক ও সম্মিলিত সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এই ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্রুত এই বিপর্যয় কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবেন এবং তাদের জীবিকা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হবে।
এবিষয়ে বিবিসি কলেজের অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান বলেন -১২ জুলাই রবিবার রাতে ১১ টা ৩০ মিনিটে বিবিসি কলেজ মার্কেটে আগুন লেগে ৭ টি দোকান ঘর সহ ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নেভানোর অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এলাকাবাসী। তবে যাদের দোকান ঘড় পুড়ে গেছে এরা গরীব মানুষ এদের সাহায্যে সবাই এগিয়ে আসার আহবান করছি।