মোঃ শাহ আলম,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় যমুনা নদীতে দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
১৫ জুলাই (বুধবার) উপজেলার যমুনা নদীবেষ্টিত চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়ন এলাকায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দিনব্যাপী এই অভিযানে নদী থেকে ১৮০টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ২টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। অভিযান চলাকালীন বাংলাদেশ পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সার্বিক সহায়তা প্রদান করেন।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, “দেশীয় প্রজাতির মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। দেশীয় মাছের বংশবৃদ্ধির স্বার্থে অবৈধ মৎস্য আহরণ বন্ধে আমরা কোনো ছাড় দেব না।”
নদী ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে স্থানীয় জেলে ও সাধারণ মানুষসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।