সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা।
শনিবার (১৮ জুলাই) বিকেলে তিনি উপজেলার তিল্লি, দড়গ্রাম, বালিয়াটি ও সাটুরিয়া ইউনিয়ন এলাকার সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রস্তাবিত স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগব্যবস্থা ও সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে বিমানমন্ত্রী আফরোজা খান রিতা জানান, সাটুরিয়ার তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে একটি আধুনিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা জরুরি। উপজেলার শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক সুবিধার কথা বিবেচনা করে দ্রুতই উপযুক্ত স্থানটি চূড়ান্ত করা হবে।